দুর্ভোগের টানা ১৩ ঘণ্টা পর বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর প্রায় ২টায় সময় ধর্মঘট প্রত্যাহার করে জ্বালানি বিক্রি শুরু হয়। ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছিলেন সুনামগঞ্জে বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও যাত্রীরা।
জানা যায়, আজ বুধবার রাত ১ টার পর থেকেই সুনামগঞ্জের ৪ টি, ছাতকের ১ টি, দিরাইয়ের ১ টিসহ মোট সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প বন্ধ ছিল। পাশাপাশি জামালগঞ্জের সাচনাবাজারের যমুনা বার্জ ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ ছিল বলে জানা গেছে। এতে চরম বিপাকে পড়েছিলেন যানবাহনের চালক, মালিক ও সাধারণ যাত্রীরা।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, পেট্রোল পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির প্রতিবাদে গতকাল বুধবার রাত থেকেই সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্পে সকাল থেকে ধর্মঘট পালন শুরু করা হয়।
সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনের চালকেরা জানিয়েছেন, কোন ধরনের জ্বালানি না পেয়ে যাত্রী পরিবহন করতে পারেননি। অনেকেই সঠিক সময়ে নিজের গন্তব্যে যেতে পারেননি।
নেত্রকোনার সদরের বাসিন্দা রফিক মিয়া বলেন, মোটরসাইকেল করে আমি সুনামগঞ্জ থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আজ ভোর ৬ টায় পেট্রোল পাম্পে এসে দেখি পাম্প বন্ধ , শতশত গাড়ির চালক জ্বালানির জন্য বসে আছেন। জ্বালানি নেওয়ার জন্য আমাকে প্রায় ৮ ঘণ্টা বসে থাকতে হয়েছে।
ভাড়ায় যাত্রী পরিবহনকারী মোটরসাইকেল চালক ইব্রাহিম খলিল বলেন,` আমি মোটরসাইকেল যাত্রী পরিবহন করে চলি। সকাল ৬ টায় পেট্রোল নেওয়ার জন্য পাম্পে এসে শুনি তাদের ধর্মঘট চলছে। মোটরসাইকেল চালিয়ে আমি নিচে চলি ও সংসার চালাই কিন্তু তেল না পাওয়ায় অর্ধেক দিন বসে থাকতে হয়েছে আমাকে।
সুনামগঞ্জের সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পের ব্যবস্থাপক কাজল চন্দ্র দে বলেন, বুধবার রাত ১ টার পর থেকে আমরা সংগঠনের ডাকা ধর্মঘট পালন করেছি। জ্বালানি বিক্রি বন্ধ থাকায় যানবাহনের চালক, মালিক ও যাত্রীদের সাময়িক সমস্যা পড়েছিলেন। এজন্য আমরা আন্তিরিকভাবে দুখিত। আজ দুপুর ২ টা থেকে জ্বালানি বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ জানান, পেট্রোল পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির প্রতিবাদে ধর্মঘট পালন করা হয়েছিল। সরকার আমাদের দাবিদাবা নিয়ে আলোচনা করায় ও বাস্তবায়নের আশ্বাস পেয়ে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। সিলেটে বিভাগের সকল পাম্পেই পুরোদমে জ্বালানি বিক্রি শুরু হয়েছে।