তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম আজগর আলী (৫৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইসমাইলের ছেলে।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিন্নাকুলি গ্রামের আব্দুল হকের বাড়ির পশ্চিম পাশে যাদুকাটা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।সংবাদ ওয়েব
নিহতের ছেলে সৈয়দ ওরফে শহীদ জানান, রোববার রাত প্রায় ১০টার দিকে তার বাবা ও মা একসঙ্গে মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে চা পান করেন। পরে তার মা বাড়িতে ফিরে এলেও তার বাবা আর বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে নদীর পাড়ে তার বাবার লাশ পড়ে থাকার খবর পান তারা।
তিনি বলেন, আমার বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন। আমরা গরিব মানুষ। আমার বাবাকে কেউ খুন করে নদীতে ফেলে দিয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।