২৬ মার্চ ২০২৬, ১১:৪৮ পি.এম

স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি ও জয় বাংলা শ্লোগান দেওয়ায়  সুনামগঞ্জে দুই আইনজীবীকে আটক করেছে পুলিশ

স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি ও জয় বাংলা শ্লোগান দেওয়ায়  সুনামগঞ্জে দুই  আইনজীবীকে আটক করেছে পুলিশ

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও জয় বাংলা শ্লোগান দেওয়ার ঘটনায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দুই নেতাকে আটক করেছে পুলিশ। 
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু ও অ্যাড. শামীম আহমদ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পৃথক জায়গা থেকে তাদেরকে আটক করেছে সদর মডেল থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এস আই জহির হোসেন।


জানা যায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ। জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে জয় বাংলা শ্লোগান দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন তারা। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ শহরে অভিযান চালিয়ে ওই দুই আইনজীবীকে আটক করে। অ্যাড. মনিষ কান্তি দে মিন্টুকে শহরের নতুনপাড়া এলাকায় তার বাসা থেকে ও অ্যাড. শামীম আহমদকে শহরের হাছননগর এলাকা থেকে পুলিশ আটক করা হয়।


দুই আইনজীবীকে আটক করার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার এস আই জহির হোসেন বলেন,‘ জিজ্ঞাসাবাদের জন্য দুইজন আইনজীবীকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।