চুরির অভিযোগে জামাই -শ্বশুরের বসত বাড়িতে হামলা ও ভাংচুর করেছে এলাকার মানুষ। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, দক্ষিণ কুর্শি গ্রামের আব্দুল খালেকের ছেলে আলী হোসেন (৪৬) ও তার জামাতা তারেক মিয়া (২৫)। তারা এলাকার চিহ্নিত চোর অভিযোগ স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের দোলন মিয়ার বাড়িতে গরু চুরির সময় মঈনপুর গ্রামের পশ্চিমপাড়ার সাইফুর রহমান হৃদয় (২৫) কে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, চুরির সাথে দক্ষিণ কুর্শি গ্রামের আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়াসহ ৪ জন জড়িত। পরে এলাকার লোকজন আজ বুধবার দুপুরে কুর্শি বাজারে জরুরি এক সভা করেন। সভায় এলাকাবাসী সিদ্ধান্ত নেন চুরের বসতঘর ভাংছুর করে এলাকা থেকে বিদায় করে দেওয়া হবে। এরপর উত্তেজিত জনতা আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
ছাতকের জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রহমান বলেন,' গরু চুরির সময় স্থানীয় লোকজন মঈনপুরের হৃদয়কে আটক করেন। তাকে জিজ্ঞেস করে জানতে পারেন ওই চুরির সাথে আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়াসহ ৪ জন চুরির সাথে জড়িত। পরে উত্তেজিত জনতা তাদের বাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে। অভিযুক্ত আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়ার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে।