১৮ মার্চ ২০২৬, ১১:০৩ পি.এম

দোয়ারাবাজারে ধান খেত থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

দোয়ারাবাজারে ধান খেত থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের ৫ ঘণ্টা পর ধান খেত থেকে এক  শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত  শিশু  আব্দুল্লাহ আল মামুন (৭) দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর-শ্রীনাথপুর গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মোস্তাক আহমেদের বড় ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চাচাতো ভাই হাফিজুর রহমানের সাথে গ্রামের পাশে বিলে মাছ ধরতে যায় মামুন। পরে হাফিজুরকে বিলে রেখেই মামুন বাড়ির দিকে রওনা হলেও সে বাড়িতে না ফিরে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে পুরো গ্রামে খোঁজলেও তার সন্ধ্যান পায়নি। 
এদিকে,  একই গ্রামের নুর আলম নামে এক ব্যাক্তি সন্ধ্যার দিকে তার বোরো ধানের মধ্যে মামুনের লাশ পড়ে থাকতে দেখে  চিৎকার দিলে স্থানীয়রা দৌড়ে আসে এবং নিখোঁজ শিশুর পরিবারকে খবর দিলে তারা শিশুটির লাশ উদ্ধার করে। এসময় তার মাথার পেছনে, ঘাড়ে ও পিটে রক্তাক্ত ক্ষত চিহ্ন রয়েছে বলে নিহত শিশুর পরিবার জানায়। 

নিহত শিশুর দাদা মাওলানা কামাল উদ্দিন বলেন, জানা মতে তাদের কারো সাথে দ্বন্দ্ব নেই।  তারপরেও ভয়াবহ ভাবে আমার নাতিকে কারা হত্যা করলো। আমি এর সঠিক বিচার চাই। 
ছাতক-দোয়ারাবাজার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন বলেন,‘ খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং শিশু মামুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সুষ্পষ্টভাবে কিছু জানা যায়নি। তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে। তবে ঘটনার প্রাথমিক তদন্ত চলছে।