সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রী শ্রী অদ্বৈতাচার্য মহাপ্রভুর জন্মধাম সংলগ্ন যাদুকাটা নদী তীরে পণাতীর্থে লাখো পূণ্যার্থী মহাবারুনী গঙ্গাস্নান সম্পন্ন হয়েছে।
মধুকৃষ্ণা ত্রয়েদশী তিথিতে মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৫ টা ৫৩ মিনিট থেকে ৮ টা ৩৭ মিনিট পর্যন্ত জাদুকাটা নদীর তীরের রাজারগাঁও শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম মন্দিরে পূজা, প্রার্থনা ও জাদুকাটা নদীতে তর্পণ ও মহাবারুনী গঙ্গাস্নান করেন।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে পুণ্যলাভের জন্য এটি সবচেয়ে বড় তীর্থস্থান। কথিত আছে, সবতীর্থে বার বার, পণাতীর্থে একবার' এখানে একবার গঙ্গাস্নান করতে পারলে সব পাপ মোছন হয়ে যায়।
স্নানোৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো পূণ্যার্থী এসেছে বলে জানিয়েছেন শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম মন্দির পরিচালনা কমিটি।
পূণ্যার্থীদের নিরাপদে চলাচল ও মহাবারুনী স্নানোৎসব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
টাঙ্গাইল জেলা সদর থেকে পরিবারের সবাইকে নিয়ে পণাতীর্থে এসেছিলেন বিজন দেবনাথ। তিনি বলেন,' পণাতীর্থে এসে জাদুকাটা নদীতে গঙ্গাস্নান করেছি। পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায়
শ্রী শ্রী অদ্বৈতাচার্য মহাপ্রভুর জন্মধাম মন্দিরে পূজা ও প্রার্থনা করেছি। খুব সুন্দর জায়গা, পরিবেশও ভালো। এখানে সবারই আসা উচিত। '
কিশোরগঞ্জ পৌর শহর থেকে এসেছিলেন গৌর ভক্ত দাস, তিনি বলেন,' আমরা স্বামী স্ত্রী একসাথে পণাতীর্থে এসেছিলাম। গঙ্গাস্নান করেছি, পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেছি। এখানে এসে আমাদের মনটা অনেক ভালো হয়েছে। যেহেতু আমাদের দেশের বড় একটা তীর্থস্থান এখানে সকল হিন্দু ধর্মাবলম্বীদের যাওয়া প্রয়োজন। '
শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম মন্দির পরিচালনা কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,' দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো পূণ্যার্থী গঙ্গাস্নান, পূজা ও প্রার্থনা সম্পন্ন করেছেন। পবিত্রতার সাথে মহাবারুনী গঙ্গাস্নান সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দিরের স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন। '
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন,' জাদুকাটা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের স্নানোৎসব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সড়কে যানজট নিরসনের ট্রাফিক পুলিশ মোতায়েন ছিল। সুন্দরভাবে স্নানোৎসব সম্পন্ন হয়েছে। কোথাও কোন ঝামেলা হয়নি।