১৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ পি.এম

দিরাইয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

দিরাইয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়নের গছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আনন্দঘন পরিবেশে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

যুক্তরাজ্যভিত্তিক ইউনিভার্সেল রিলিফ ট্রাস্ট-এর সহযোগিতায় এবং হক সেবা ট্রাস্ট-এর আয়োজনে উপজেলার প্রায় দুইশত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ কামরুল হক। চৌধুরী মোহাম্মদ নাসেরের সভাপতিত্বে এবং প্রভাষক মোস্তাক মিয়ার সুচারু পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব বাবুল চৌধুরী, শিক্ষক সুরুজ আলী খান, ইউপি সদস্য আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামরুল হক বলেন,"ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই আমরা এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। বিগত ভয়াবহ বন্যার সময়ও ট্রাস্টের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। আর্তমানবতার সেবার পাশাপাশি আমরা স্থানীয় মসজিদ ও মাদ্রাসার উন্নয়নেও কাজ করে যাচ্ছি।"

তিনি আরও উল্লেখ করেন যে, প্রতি ঈদে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় এবার ধাপে ধাপে প্রায় ৪০০ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গিসহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

বক্তব্যের শেষে তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করে আবেগঘন কণ্ঠে বলেন, "যতদিন বেঁচে থাকব, ততদিন আর্তপীড়িত মানুষের সেবা করে যেতে চাই। কারণ ত্যাগের মধ্যেই প্রকৃত সুখ নিহিত রয়েছে।"