১৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পি.এম

সহমর্মিতার ঈদ কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ বন্ধুসভা

সহমর্মিতার ঈদ কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ বন্ধুসভা

প্রথম আলোর বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়ন করেছে সুনামগঞ্জ বন্ধুসভা। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন বন্ধুসভার সদস্যরা। কর্মসূচির অংশ হিসেবে ১২ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয়। পাশাপাশি লক্ষ্মী বেগম ও বারিক মিয়াকেও ঈদের উপহার তুলে দেওয়া হয়। ঈদের নতুন পোশাক পেয়ে খুশি শিশু ও তাদের অভিভাবকেরা। রিকশাচালক আইজ উদ্দিন বলেন, ‘এইবার ঈদে নিজের টাকায় নতুন কাপড় কিনতে পারতাম না। নতুন কাপড় পেয়ে খুব ভালো লাগছে। আল্লাহ আপনাদের ভালো রাখুক। ভবিষ্যতেও আমাদের মতো মানুষের পাশে থাকবেন—এই দোয়া করি। খালেদা আক্তারও তাঁর ছেলেদের জন্য ঈদের নতুন পোশাক পেয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় শিশুদের অভিভাবকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আইনজীবী খলিল রহমান, উপদেষ্টা ও সাংবাদিক আইনজীবী এ. আর. জুয়েল, রাজু আহমেদ, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি সৌরভ সরকার, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হক নাবিল, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নাজমুস সালেহিন ফাইয়াজ, বইমেলা সম্পাদক দুর্জয় তালুকদার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নূরজাহান আক্তার সানজিদা এবং প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান।