সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২ কেজি গাঁজাসহ ফাহিমা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আনন্দনগর গ্রাম সংলগ্ন ফসল রক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ফাহিমা বেগম উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর গ্রামের শওকত আলীর স্ত্রী। এ সময় তার সাথে থাকা মোটরসাইকেল চালক ময়না মিয়া (৩৭) নামের এক যুবককেও আটক করা হয়। পরে তাদের দুজনকেই পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা থেকে একটি মোটরসাইকেলে করে স্কুল ব্যাগের ভিতরে অভিনব কায়দায় গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিলেন ফাহিমা বেগম। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে আনন্দনগর গ্রামের কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের আটক করে তল্লাশি চালান। এ সময় স্কুল ব্যাগ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাটি স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ আটক দুইজনকে হেফাজতে নেয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হবে।