১২ মার্চ ২০২৬, ১২:৫২ পি.এম

শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার

শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার

ত্রয়োদশ সংসদের স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল শপথ নিয়েছেন। বৃহস্পতিবার এ সংসদের উদ্বোধনী অধিবেশনে তারা নির্বাচিত হওয়ার পরপরই সংসদে রাষ্ট্রপ্রধানের কার্যালয়ে শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদকে এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান। টানা ছয়বারের নির্বাচিত সাংসদ হাফিজ উদ্দিন আহমদ বিএনপি সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বিএনপি-জামায়াত জোট  সরকারের পানিসম্পদ মন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সাংসদ খন্দকার মোশাররফ হোসেন সভাপতি করেন।  নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। প্রধান হুইপ নুরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। হুইপ রাকিবুল ইসলাম ওই প্রস্তাবকে সমর্থন করেন। স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন। 
এরপর ডেপুটি স্পিকার হিসেবে হুইপ রুহুল কুদ্দুস তালুদার ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের নাম প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে সমর্থন করেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
এরপর ৩০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এ সময় সংসদ ভবনে রাষ্ট্রপ্রধানের কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান।