৮ মার্চ ২০২৬, ১০:১৬ পি.এম

ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড

ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড

অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে বীজের দোকানে  পেট্রোল মজুদ করার অপরাধে  সুনামগঞ্জে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ সোহেল চৌধুরী (৩৫) , তিনি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্ছারচর গ্রামের মৃত গিয়াস মিয়া চৌধুরীর ছেলে। তিনি ইউনিয়নের বিএডিসির অনুমোদিত বীজ ডিলার ও চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী। আজ রবিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত এই কারাদণ্ড প্রদান ও জরিমানা করেন।
জানা যায়, আজ রবিবার বিকেলে জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় সুনামগঞ্জ -সাচনাবাজার সড়কের আহমদাবাদ -ইচ্ছারচর পয়েন্টের সোহেল চৌধুরীর বীজ ডিলারের দোকানের ভেতরে ১১ ব্যারেল পেট্রোল মজুদ পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালত মো. সোহেল চৌধুরীর দোকানের ১১ ব্যারেল পেট্রোল জব্দ করেন এবং সোহেল চৌধুরীকে ছয় মাসের কারাদণ্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রতন শেখ বলেন, ' অবৈধভাবে ১১ ব্যারেল পেট্রোল মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী সোহেল চৌধুরীকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে কারাগারে পাঠানো হয়েছে ।