৪ মার্চ ২০২৬, ১২:৪৫ পি.এম

মশার কয়েলের অগ্নিকাণ্ডে মহিলা পুড়ে ছাই 

মশার কয়েলের অগ্নিকাণ্ডে মহিলা পুড়ে ছাই 

সুনামগঞ্জে মশার কয়েলের আগুন থেকে  অগ্নিকাণ্ডের ঘটনায় এক মহিলা আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছেন।

আজ বুধবার(০৪ মার্চ) ভোররাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের আমিরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

নিহত মহিলার নাম সালেমা খাতুন (৬৮), তিনি ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে পুলিশ নিহত মহিলার মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  আমিরপুর গ্রামের নজরুল ইসলামের পরিবারের লোকজন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।  নজরুল ইসলাম বাড়ির পাশে অন্য জায়গায় ঘুমাচ্ছিলেন। তার স্ত্রী ছালেম খাতুন একা একটি রুমে ঘুমে ছিলেন। বাড়িতে থাকা ছোট ছেলে অন্য রুমে ঘুমে ছিল। গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে ঘুমানোর খাটে আগুন লেগে পুড়ে মারা যান ছালেমা খাতুন। বসতঘর পাকা থাকায় বাড়ির তেমন ক্ষতি হয়নি ও আগুন ঘরের বাহিরে যায়নি। 
সেহেরির খাবার রান্নার জন্য প্রতিবেশি মারফত আলীর স্ত্রী রাহেলা বেগম সজাগ হলে নজরুল ইসলামের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন।  প্রতিবেশীরা নজরুল ইসলামের পরিবারের লোকজনকে ডেকে তোলেন। পরে দেখা যায় ছালেমা খাতুনের রুম থেকে ধোঁয়া বের হচ্ছে ও আগুন জ্বলছে।  স্থানীয়রা পানি ও বালি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। 

প্রতিবেশি মারফত আলীর স্ত্রী রাহেলা বেগম বলেন, 'সেহরির রান্নার জন্য সজাগ হলে দেখি  নজরুল ইসলামের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তাদেরকে ডেকে সজাগ করি। গ্রামের মানুষ মিলে আগুন নিভিয়েছে। আগুনে পুড়ে ঘুমের মধ্যেই ছালেমা খাতুন মারা গেছে। '
নিহত ছালেমা খাতুনের স্বামী নজরুল ইসলাম বলেন, ' আমি রাতে অন্য জায়গায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি ঘরের ভেতরে আগুন ও ধোঁয়া। পানি ও বালি দিয়ে আগুন নেভানো হয়েছে। খাট বিছানা আগুনে পুড়ে গেছে এবং আমার স্ত্রী মারা গেছে। তার শরীরের অনেক জায়গায় পুড়ে গেছে। ছেলে জানিয়েছে মশার কয়েল জ্বালানি সে ঘুমিয়েছিল। কয়েল থেকেই আগুন লেগেছে। '

সুরমা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফসান পারভেজ বলেন, ' খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে পুড়ে ঘরের ভেতরেই মহিলা মারা গেছেন।  পরে পুলিশকে ঘটনা অবগত করি। '

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ  বলেন, ' স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে ভোরে মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।  মশার কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে। আগুন পুড়ে মহিলা শরীর অঙ্গার হয়ে গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।