অনুমোদন ছাড়া মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত, সিলেটে তিন ইটভাটাকে জরিমানা
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় যৌথ অভিযান চালিয় র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে এ জরিমানা করে মোবাইল কোর্ট।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল অংশ নেয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়।জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স প্লাটিনাম ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স দেশ ব্রিকসকে ২ লাখ টাকা এবং সিরাজ উদ্দিন চৌধুরী ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুতের জন্য কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে কাঁচামাল হিসেবে ব্যবহার করা এবং জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া বিভিন্ন জলাশয় ও চরাঞ্চল থেকে মাটি সংগ্রহ করে ইট তৈরির অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।
সুত্র:সিলেট ভয়েজ