জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়ার পর প্রার্থীদের আচরণ পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনে জনগণ পুনরায় একটা জবাব দেবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুরে বাংলাদেশ গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে পথসভায় তিনি এইসব কথা বলেন।
নুর বলেন, ‘আগামীতে স্থানীয় নির্বাচন হবে। আপনারা জাতীয় নির্বাচনে যেমন বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। এখন স্থানীয় নির্বাচনে আবার ভোট চাইতে যাবেন। এখন জাতীয় নির্বাচনে আপনাদের দল থেকে কেউ এমপি হয়েছেন। কেউ মন্ত্রী হয়েছেন। এখন আপনাদের স্বভাব চরিত্র যদি পরিবর্তন হয়, স্থানীয় নির্বাচনেও কিন্তু মানুষ আবার একটা জবাব দেবে।
নুর আরোও বলেন, আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য যেখানে সব নাগরিকরা দলমত নির্বিশেষে তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে, দেশে আইনের শাসন থাকবে, আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান সুযোগ লাভ করবে।’